বিশ্ব ক্যান্সার দিবসে ‘রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস ২০২৬’

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অষ্টমবারের মতো সচেতনতামূলক দৌড়ের আয়োজন করেছে হুমায়ূনভক্তদের সংগঠন হিমু পরিবহণ। ‘রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস ২০২৬’ শিরোনামের এ আয়োজনে ক্যান্সার সারভাইভারসহ শিক্ষক, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দৌড় শুরু হয়। দোয়েল চত্বর, টিএসসি, ভিসি চত্বর ও স্বাধীনতা সংগ্রাম চত্বর ঘুরে আবার শহীদ মিনারে এসে দৌড়ের সমাপ্তি ঘটে।

দৌড়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ–এর ছোট ভাই, কার্টুনিস্ট ও উন্মাদ–এর সম্পাদক আহসান হাবীব; এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার; দুইবারের এভারেস্টজয়ী এম এ মুহিত; সংগীতশিল্পী ও ভ্রমণপ্রেমী কনক আদিত্য; গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন; এবং ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। এছাড়া বিশ্বভ্রমণকারী ও লেখক এলিহা বিনতে এলাহি এবং আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ৭০.৩ ফিনিশার আরাফাত হোসেনও উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে আহসান হাবীব বলেন, ক্যান্সার সচেতনতার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৌড় একটি কার্যকর শারীরিক ব্যায়াম হতে পারে। অন্য বক্তারাও ক্যান্সার প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং হিমু পরিবহণের এ উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ বলেন, গত আট বছর ধরে আমরা ক্যান্সার সচেতনতায় এই দৌড়ের আয়োজন করছি। এবারের আয়োজনে প্রাপ্ত অর্থ ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে ব্যয় করা হবে।

তিনি জানান, আগের আয়োজনের অর্থ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর একটি ইউনিটে প্রদান করা হয়েছিল।

দৌড় শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এ বছরের দৌড়ের আয়োজন করেছে হিমু পরিবহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *