সুস্থ সংস্কৃতির বিকাশে জেলা শহরগুলোতে চলচ্চিত্র উৎসব অত্যন্ত জরুরি: বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

বরিশাল প্রতিনিধি: আসছে আগামী ১৮, ১৯ ও ২০ জুলাই বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘বরিশাল চলচ্চিত্র উৎসব’। দেশের উদীয়মান চলচ্চিত্র সংগঠন ‘ইএসডিআই ফিল্ম সোসাইটি’ (ESDI FILM Society)-এর আয়োজনে এই উৎসবের যাত্রা শুরু হচ্ছে।

‎আজ ১৬ই জুন (মঙ্গলবার) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে উৎসব বাস্তবায়ন কমিটির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে মিলিত হলে, উৎসবের সফল বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

‎প্রথমবারের মতো বরিশালে এমন একটি চলচ্চিত্র উৎসবের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, “সুস্থ সংস্কৃতি ও চলচ্চিত্রের বিকাশ জেলা শহরগুলোতে অত্যন্ত জরুরি। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘বরিশাল চলচ্চিত্র উৎসব’ এর এই উদ্যোগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনে সব ধরনের প্রশাসনিক ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”

‎উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও এবং বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়ক সাজেদুর রহমান মুনিম।

‎সৌজন্য সাক্ষাৎ ও সভায় উৎসব বাস্তবায়ন কমিটির পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, ‘ইএসডিআই ফিল্ম সোসাইটি’র সভাপতি ও উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন ইমন। কমিটির পক্ষে আরও নেতৃত্ব দেন উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি ও বরিশাল জেলা জাসাসের আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগর।

‎ফলপ্রসূ এই সভায় উৎসবের কারিগরি ও নান্দনিক দিক, চলচ্চিত্র প্রদর্শনী, স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা সংযুক্তি এবং উৎসবের প্রচার-প্রসারসহ বহুমুখী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল ইসলাম সবুজ, ইএসডিআই ফিল্ম সোসাইটির সাংগঠনিক সম্পাদক ইমরান সাকিল, ‘উত্তরণ’ এর সভাপতি মাহাফুজ নুসরাত মোনা, বিশিষ্ট শিক্ষক নেতা ও ক্রীড়া সংগঠক নাসরিন আক্তার পিউরী, গুণী অভিনেতা হেলাল উদ্দিন, অভিনেতা নাছির উদ্দিন, আলোকচিত্র শিল্পী সিয়ামসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই উৎসবে দেশ-বিদেশের বৈচিত্র্যময় চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক বিশেষ সেমিনার ও গুণীজনদের আড্ডার আয়োজন থাকবে। বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে চলচ্চিত্র চর্চাকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়েই ESDI FILM Society এই ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে, যা স্থানীয় সাংস্কৃতিক মহলে এক নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *