মোঃ মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শিমুলিয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আদিল হোসেনের কৃতিত্বে সাটুরিয়াসহ পুরো মানিকগঞ্জ জেলায় নাম উজ্জ্বল করেছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত জাতীয় পর্যায়ের বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা (ইংরেজি)-তে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে সাটুরিয়ার খুদে শিক্ষার্থী মো. আদিল হোসেন।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কাব ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এর হাত থেকে পুরস্কার গ্রহন করেন।
আদিলের এ অনন্য সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.খ.ম. নূরুল হক বলেন, মো. আদিল হোসেন সাটুরিয়া তথা সমগ্র মানিকগঞ্জ জেলার গর্ব।
জাতীয় পর্যায়ে তার এই অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে।” সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, আদিলের এই সাফল্য সাটুরিয়ার জন্য গৌরবের। তার অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর বিষয়ভিত্তিক কুইজে (ইংরেজি) জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী মো. আদিল হোসেনকে বুধবার (১৭ জুন) সাটুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
হরগজ শিমুলিয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেফালী আক্তার বলেন, মো. আদিল হোসেন তার বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ৪র্থ শ্রেণীর ছাত্র তার রোল (১) ছোট বেলা থেকেই সকল বিষয়ে সে অনেক মেধাবী। তার অর্জনে বিদ্যালয়ে সকলে শিক্ষা ও শিক্ষার্থী অনেক খুশি।
সাটুরিয়া উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার বলেন, আদিলের এ অর্জন সাটুরিয়ার জন্য গর্বের।
আদিলের বাবা মানোয়ার হোসেন ছেলে দেশের সেরাদের তালিকায় স্থান পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার চাওয়া ছেলে যেন জীবনে প্রতিষ্ঠিত একজন মানুষ হয়ে মানুষের সেবা করতে পারে। মো. আদিল হোসেন বলেন, বড় হয়ে সে সফলতা অর্জন করে একজন সফল মানুষ হতে চান।
