বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইএসডিআই ফিল্ম ফেস্টিভ্যাল’

নিজস্ব প্রতিনিধিঃ বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ইএসডিআই ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। উৎসবটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ বরিশাল শিল্পকলা একাডেমিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় ‘ইএসডিআই ফিল্ম সোসাইটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’ উদযাপন উপলক্ষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী উৎসব বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮, ১৯ ও ২০ জুলাই ২০২৬—এই তিন দিন বরিশাল শিল্পকলা একাডেমিতে উৎসবের মূল আয়োজন চলবে।
চলচ্চিত্র উৎসবটির সার্বিক দিকনির্দেশনা ও সফল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা জাসাসের আহ্বায়ক এবং উৎসব বাস্তবায়ন কমিটির নবনির্বাচিত সভাপতি সাব্বির নেওয়াজ সাগর। আরও বক্তব্য রাখেন এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিশিষ্ট নৃত্যশিল্পী রোকসানা আখতার রিনি, ইএসডিআই ফিল্ম সোসাইটির সভাপতি ও উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জসীমউদ্দীন ইমন, এবং এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও ও বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়ক সাজেদুর রহমান মুনিম।
এছাড়া উৎসবের রূপরেখা নিয়ে আরও আলোচনা করেন ইএসডিআই ফিল্ম সোসাইটির সেক্রেটারি মো: জহিরুল ইসলাম, বরিশাল সাংস্কৃতিক পরিষদের সভাপতি বাসুদেব ঘোষ, বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু কুমার কর ও আজিজ শাহিন, এবং শিক্ষিকা নাসরিন আক্তার পিউরী।

জরুরি এই সভায় বরিশালের বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উৎসব সফল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *