জহিরুল ইসলাম সিরাজ, নারায়ণগঞ্জ
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। পূজা উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি বলেন, “এটা একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্মের মানুষ যেন একসঙ্গে উৎসব করতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে।”
সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের যানজট নিরসন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেখানে প্রতিটি শহরে জায়গা থাকার কথা ২৫ শতাংশ, সেখানে নারায়ণগঞ্জে আছে মাত্র ৭ শতাংশ। তাই যানজট স্বাভাবিকভাবেই হচ্ছে। এ সমস্যার সমাধানে পর্যাপ্ত ফ্লাইওভার নির্মাণ প্রয়োজন।”এ ছাড়া মিথ্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, “যারা মিথ্যা মামলায় জর্জরিত, খুব শিগগিরই এসব মামলা প্রত্যাহার করা হবে। আর ভবিষ্যতে যেন কেউ মিথ্যা মামলার কারণে হয়রানির শিকার না হয়, সে জন্য প্রতিটি জেলায় টিম গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের চিঠিও দেওয়া হয়েছে। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
