কর্মকর্তাদের গণপরিবহনে অফিসে আসার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিনিধিঃ বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল সাশ্রয়ে ব্যাংকগুলোকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১১ মার্চ) জারি করা নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি অনুসরণ করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপশাখা ও অন্যান্য অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, রাজধানীতে যত ব্যক্তিগত গাড়ি ব্যবহার হয় তার উল্লেখযোগ্য অংশ ব্যাংকারদের। এ জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জ্বালানির ওপর চাপ কমে আসবে। এজন্য ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে গাড়ি শেয়ারিং করার আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করতে এবং জ্বালানি তেলের ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে অফিসে এসি, বৈদ্যুতিক বাতি, ফ্যান ও অন্যান্য যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজন হলে বন্ধ রাখতে হবে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক ভবনের আলোকসজ্জা এবং প্রচারণামূলক বৈদ্যুতিক ডিজিটাল বোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি ও বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা ব্যবহার পরিহার করতে হবে। বিদ্যুৎ জেনারেটরে সাশ্রয়ী ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *