৭ বছরের ছোট ক্রিকেটারকে বিয়ে করলেন ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্কঃ ভারতীয় ক্রিকেট ও অভিনয় জগতের সম্পর্কের তালিকায় যুক্ত হলো আরও দুটি নতুন নাম। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় টি-টোয়েন্টি দলের ক্রিকেটার রমনদীপ সিং এবং ছোট পর্দার পরিচিত অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা চার্লি চৌহান। পাঞ্জাবি রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিজেদের দীর্ঘ আট বছরের গোপন সম্পর্ককে অবশেষে প্রকাশ্যে আনলেন এই তারকা দম্পতি।

শুক্রবার (৭ আগস্ট) পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে পাঞ্জাবি রীতিতে গুরুদ্বারে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ আপলোডও করেছেন। বিয়ের পর দুজনের বয়সের ব্যবধান নিয়ে আলোচনা আরো বেশি চলছে। রমনদীপের বয়স ২৯ বছর; চার্লির বয়স ৩৬। অর্থাৎ, রমনদীপ তার স্ত্রীর চেয়ে ৭ বছরের ছোট।

রমনদীপ ও চার্লি দীর্ঘদিন ধরেই নিজেদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন। বিয়ের পর অভিনেত্রী জানান, তাদের পরিচয় ও সম্পর্কের বয়স প্রায় ৮ বছর। বিয়ের অনুষ্ঠানে রমনদীপকে দেখা যায় ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন পাগড়িতে।

অন্যদিকে চার্লি পরেছিলেন মেরুন রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা। ভারী গয়নায় সেজে নববধূর সাজ সম্পূর্ণ করেন তিনি। ইন্সটাগ্রামে বিয়ের ছবি আপলোড করে চার্লি লিখেছেন, ‘আমাদের ৮ বছরের পথচলা, অবশেষে চিরদিনের জন্য।’

বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন রমনদীপের কয়েকজন ক্রিকেটার বন্ধু। তাদের মধ্যে ছিলেন অর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার ও জসসিন্দর সিং।

বিয়ের ছবি প্রকাশের পর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ও বিনোদন জগতের অনেকেই। তাদের মধ্যে আছেন ভারত টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুবমান গিলও। চার্লি চৌহান মূলত টেলিভিশন ধারাবাহিক কাইসি ইয়ে ইয়ারিয়াতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া তাকে রোডিজ, বেস্ট ফ্রেন্ডস ফরএভার, প্যায়ার তুনে কিয়া কিয়া ও নাচ বালিয়ে ৫-এর মতো অনুষ্ঠানে দেখা গেছে।

এর আগে অভিনেতা ও নৃত্যশিল্পী কুনওয়ার অমরের সঙ্গে চার্লির সম্পর্ক ছিল। নাচ বালিয়ে অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সুবাদে তারা টেলিভিশনের পরিচিত জুটি হয়ে উঠেছিলেন। পরে তাদের সম্পর্ক ভেঙে যায়।

অন্যদিকে রমনদীপ সিং ভারত জাতীয় দলে থিতু হতে পারেননি। এখন পর্যন্ত ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন; সবকটিই ২০২৪ সালে। তবে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের একাদশে নিয়মিত খেলেন এই মিডল অর্ডার ব্যাটার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *