‘আমার ঘরে বাঘ জন্ম নিয়েছে’

বিনোদন ডেস্কঃ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ইন্ডাস্ট্রির দাপুটে এই অভিনেতাকে নিয়ে এখনও ভক্তদের মাঝে আলোচনার শেষ নেই। তবে সম্প্রতি তাকে নিয়ে শুটিং সেটের এক পুরোনো চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এলো। যা তুলে এনেছেন বলিউডের বর্ষীয়ান স্টান্টম্যান মোহন বাগগড়।

১৯৭৬ সালের ঘটনা। সে বছরের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের কান্দিভালি এলাকায় ‘খুন পাসিনা’ ছবির শুটিং চলছিল। সে সময় বাঘের সঙ্গে একটি বিপজ্জনক দৃশ্য শুট করার জন্য অমিতাভের বডি ডাবল হিসেবে কাজ করছিলেন মোহন। কিন্তু এক খবরেই ঘুরে যায় সেই সিদ্ধান্ত।

সেটে অমিতাভ বচ্চন জানতে পারেন, পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। অর্থাৎ, অভিষেক বচ্চনের জন্ম হয় সেদিন। আর বাবা হওয়ার এই সুখবর পাওয়ার পরই রোমাঞ্চিত হয়ে পড়েন অমিতাভ এবং নিজেই দৃশ্যটি শুট করার সিদ্ধান্ত নেন।

স্টান্টম্যানের ভাষ্যমতে, খবরটি পাওয়ার পর অমিতাভ বলে ওঠেন, ‘ওটা (আসল বাঘকে দেখিয়ে) যদি বাঘ হয়, তবে আমিও বাঘ। আমার ঘরেও এক বাঘের জন্ম হয়েছে।’ এরপর নিজেই বাঘের সামনে দাঁড়িয়ে দৃশ্যটির শুটিং সম্পন্ন করেন এই তারকা।

ছবিটিতে ব্যবহৃত বাঘগুলো প্রশিক্ষিত ছিল না উল্লেখ করে মোহন বাগগড় জানান, আক্রমণের ঝুঁকি এড়াতে বাঘের মুখ সাময়িকভাবে সেলাই করে রাখা হতো।

‘খুন পাসিনা’ ছাড়াও ১৯৭৯ সালে ‘মি. নটবরলাল’ সিনেমার শুটিংয়ে একই ধরনের স্টান্ট করতে গিয়ে বাঘের থাবায় তিনি নিজে মারাত্মক আহত হন। অমিতাভ বচ্চন ছাড়াও সে যুগে অভিনেতা ধর্মেন্দ্র ‘কর্তব্য’ (১৯৭৯) সিনেমায় বডি ডাবল ছাড়া সরাসরি চিতার মুখোমুখি দৃশ্যে অভিনয় করেছিলেন বলেও জানান এই বর্ষীয়ান স্টান্টম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *