সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী জলসা থেকে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে।
হামলার প্রতিবাদে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা জামায়াতের নেতাকর্মীরা সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা জামায়াত কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনামুখী বাজার এলাকায় একটি ইসলামী জলসায় অংশ নেন মাওলানা শাহীনুর আলম ও তার সমর্থকরা। জলসা শেষে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলাকারীদের হাত থেকে প্রার্থীকে বাঁচাতে গিয়ে জামায়াতের অন্তত ১০–১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে সোনামুখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, কর্মী ওমর ফারুক ও আব্দুল আওয়ালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিএনপির মনোনীত এমপি প্রার্থী সেলিম রেজার নেতৃত্বে তিন দফায় হামলা হয়। আমাদের তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী সেলিম রেজা বলেন, বিএনপির কেউ জামায়াতের প্রার্থী বা তার লোকজনের ওপর হামলা করেনি। মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, জামায়াতের প্রার্থীর ওপর হামলার কথাটি সত্য নয়, মূলত জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।
