সিঙ্গাপুরে আপাতত নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিনিধিঃ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শুক্রবার (১৩ মার্চ) তিনি বলেন, আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। তবে, পরবর্তীতে তার মেডিকেল বোর্ড মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

আজকে মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় জানিয়ে ডা. রফিক বলেন, পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। সেই অনুযায়ী উনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

এর আগে, এদিন জুমার নামাজের পর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসকে দেখে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এর আগে, গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *