বর্ণবৈষম্যের অভিযোগ বিসিসিআই’র বিরুদ্ধে, অবসরের ঘোষণা ধারাভাষ্য থেকে

স্পোর্টস ডেস্কঃ বিসিসিআই’র বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ এনে ধারাভাষ্য থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শিবরামকৃষ্ণান। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের অবসরের কথা জানান ১৯৮৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী দলের এই ক্রিকেটার। ২০০০ সাল থেকে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা শিবরামকৃষ্ণান মনে করেন, দীর্ঘ ২৩ বছর ধরে তাকে প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।

শিবরামকৃষ্ণান তার পোস্টে সরাসরি উল্লেখ করেন যে, নতুন ধারাভাষ্যকাররা এসে টস বা প্রেজেন্টেশন অনুষ্ঠান পরিচালনা করলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। তিনি লেখেন, ‘গত ২৩ বছর ধরে আমাকে টস বা প্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী যখন কোচ ছিলেন, তখনও নতুনরা এসে পিচ রিপোর্ট বা প্রেজেন্টেশন করেছে। এর পেছনের কারণ কী হতে পারে বলে আপনাদের মনে হয়?’

পরবর্তীতে একজন ভক্তের প্রশ্নের জবাবে তিনি সরাসরি বর্ণবৈষম্যকে এর কারণ হিসেবে ইঙ্গিত করেন। তার এই বিস্ফোরক মন্তব্য ইন্টারনেটে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। নেটিজেনদের একদল তাকে সমর্থন জানালেও অন্যদল তার এই অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন।

শিবরামকৃষ্ণানের এই আকস্মিক সিদ্ধান্তে হতাশ প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি তার পোস্টে লিখেছেন, ‘ওহ না! এই আইপিএলে কেন নয়?’

১৯৮০-র দশকে ভারতের হয়ে ৯টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলেন। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিং করে ভারতকে জয় এনে দিয়েছিলেন এবং সেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *