ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় দুই স্টুয়ার্ডকে বরখাস্ত ও জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের (হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড অপারেশন) দুই স্টুয়ার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ২৪ মার্চের মধ্যে কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া যায়।

এতে টিকিট কালোবাজারির সঙ্গে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ড মিনহাজুল ও ইমরানের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ কারণে তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটির ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *