অবশেষে জিনেদিন জিদান ফ্রান্সের কোচ হচ্ছেন

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হতে যাচ্ছে। ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হিসেবে আসতে যাচ্ছেন জিনেদিন জিদান। ২০২৬ বিশ্বকাপ শেষে এ দায়িত্ব নেবেন। এ বিষয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ও জিদান মৌখিকভাবে সমঝোতায় পৌঁছেছেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরেও বলা হয়েছে, বর্তমান কোচ দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হতে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন জিদান। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচ হিসেবে দেশমের চুক্তির মেয়াদ শেষ হবে। ২০১২ সালে ফ্রান্স কোচের দায়িত্ব নেন দেশম।

ইএসপিএন জানিয়েছে, ফ্রান্স কোচ হিসেবে জিদানের চুক্তিতে সই করার আগে এখন শুধু শেষ মুহূর্তের কিছু খুঁটিনাটি বিষয় মিলিয়ে দেখা বাকি। বিশেষ করে তার কোচিং স্টাফে কতজন সদস্য থাকবেন এবং সেই দলের পরিধি কতটা বড় হবে, এখন মূলত সেটি নিয়েই আলোচনা চলছে।

ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিলে আর্থিকভাবে কতটা লাভবান হওয়া যাবে, তা নিয়ে স্পনসরদের সঙ্গে আলোচনা শুরু করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান জিদান। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ফ্রান্সের কোচ হওয়ার আলোচনা অনেক আগে থেকেই চলছিল। বিশেষ করে ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছাড়ার পর তার ফ্রান্সের কোচ হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *