যশোরে চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে প্রাইভেটকার ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির

যশোর প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা, ছেলে ও নাতনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ওই পরিবারের আরও তিনজন।

সোমবার (২৩ মার্চ) রাতে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে। বারোবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— যশোরের বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মনিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) ও জনির চার বছরের মেয়ে শেহেরিশ। আহতরা হলেন- জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ওসি আলমগীর বলেন, চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকার যোগে যশোরের মণিরামপুরে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় চালক জনি ঘুমন্ত অবস্থায় গাড়ি চালালে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা যান।

ওসি আরও বলেন, গাড়ির ভিতরে থাকা চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশু শেহেরিশের মৃত্যু হয়। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জনির আইটি ফার্মের এক্সপার্ট রিয়াদ হোসেন জানান, রাতে সব আইনি প্রক্রিয়া শেষ করে নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে। তাদের দাফন কার্য প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *