স্পোর্টস ডেস্কঃ ঈদের ছুটির আমেজের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন আমজাদ হোসেন। ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে চলছে আলোচনা। সদ্য পদত্যাগ করা সাবেক এই বিসিবি পরিচালক মনে করেন নির্বাচন আরও ভালো হতে পারতো।
সোমবার (২৩ মার্চ) বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আমজাদ। বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়েছেন তিনি। পরে এ দিন রাতে গণমাধ্যমের মুখোমুখি হন আমজাদ।
বিসিবির সবশেষ নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আমজাদ বলেন, ‘আমি তো আপনাদের সঙ্গে ৬ মাস কাজ করেছি। ৬ মাসের কাছাকাছি। অনেক সহজ-কঠিন প্রশ্ন করেছেন। এই প্রশ্ন তো আগে করেননি। আজকে আমি পরিচালক নেই, আজকেই কেন এই প্রশ্নটা? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আর প্রসেস নিয়ে আমি বলতে পারব না আমি তো ক্যান্ডিডেট। আমি ফর্ম কিনেছি, নির্বাচন করেছি এটাই আমার মূল দায়িত্ব ছিল। প্রসেস তো নির্বাচন কমিশনের দায়িত্বে যারা ছিলেন তাদের বিষয়।
নির্বাচন আরও ভালো হতে পারতো উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রিমিয়ার লিগের অনেক ক্লাব থেকে প্রতিনিধি থাকত, এবার নেই। এবার একজন আছেন, একজন ইতোমধ্যে পদত্যাগ করেছেন। অনেক ক্যান্ডিডেট নির্বাচন থেকে সরে গেছেন, এর আগে হয়তোবা এটা হয়নি। সব নির্বাচন নিয়ে অনেক শঙ্কা, পক্ষে-বিপক্ষে, বিতর্ক থাকে। এটা উনারা সিদ্ধান্ত নিয়েছেন কেন সরে গেছেন, সেভাবে দেখলে অংশগ্রহণের ক্ষেত্রে আরও স্বচ্ছভাবে হয়ত হতে পারত। তবে আমি তো এখানে সিদ্ধান্ত গ্রহণকারী নই।’
যেকোনো নির্বাচনে প্রশ্ন ত্রুটি-বিচ্যুতি থাকে উল্লেখ করেন আমজাদ বলেন, ‘এটা সব নির্বাচনই তো হতে পারে। অনেক পরাক্রমশালী দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে থাকে। এটা তো চলমান প্রক্রিয়া। সামনেও বোর্ডে অনেক নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেগুলো নিয়েও প্রশ্ন উঠতে পারে। ওইটা থাকবেই। হয়তোবা আরও স্বচ্ছভাবে হলে হতে পারত।
