অঝোরে কাঁদলেন গায়ক মনির খান বেগম জিয়ার প্রয়াণে

বিনোদন ডেস্কঃ গায়ক মনির খান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অঝোরে কেঁদেছেন এই শিল্পী।

শোক প্রকাশ করে কাঁদতে কাঁদতে মনির খান বলেন, ‘এমন এক নেত্রীকে আমরা হারিয়েছি, যার মৃত্যুতে আজ সারা বাংলাদেশের মানুষ কাঁদছে। তিনি জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিকসহ সব সংকটে নেতৃত্ব দিয়েছেন।’

মনির খান বলেন, ‘ভিন্ন মত বা ভিন্ন ধর্মের মানুষ—কারো ক্ষেত্রেই তিনি কখনো বৈষম্য করেননি। তিনি সব সময় দেশ ও মানুষের কথাই ভেবেছেন। দেশ ও মানুষের জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। কতবার অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কখনো যেতে চাননি। সব সময় দেশের মাটি ও দেশের মানুষের কাছাকাছি থাকতে চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শেষবার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছিলেন, তার মৃত্যু যেন দেশের মাটিতেই হয়, জানাজা ও দাফন যেন এই মাটিতেই সম্পন্ন হয়। আজ আমার মতো সারা দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে আছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে শোক সহ্য করার শক্তি দান করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করুন।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও বিভিন্ন সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *