নতুন দায়িত্ব দিলো শ্রীলঙ্কা লাসিথ মালিঙ্গাকে

স্পোর্টস ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে পেস বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তার নিয়োগটি স্বল্পমেয়াদি বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, মালিঙ্গার এই দায়িত্ব হবে এক মাসের একটু বেশি সময়ের জন্য। এটি ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে, তার দায়িত্বের মেয়াদ শেষ হবে ২৫ জানুয়ারি।

৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। এই বৈশ্বিক আসরের প্রস্তুতিতে মালিঙ্গার অভিজ্ঞতাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান। সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ ফেব্রুয়ারি, কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে।

শ্রীলঙ্কার হয়ে ৮৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে শিকার করেছেন ১০৭ উইকেট। ডেথ ওভারে বিশেষ দক্ষতার জন্য খ্যাতি ছিল তার। ২০২১ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি লিগে মেন্টর ও কোচ হিসেবে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *