চট্টগ্রাম ব্যুরো :
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম এর আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ (বিপিএম-সেবা), চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খাঁন, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম আবু তৈয়ব। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক রিজিয়া খাতুন।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিল, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়ানোর মাধ্যমে দিবস উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা ও মানববন্ধন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ পরিচালক সুবেল আহমেদ।

বক্তারা বলেন, দুর্নীতি নির্মুলে চাই ‘জিরো টলারেন্স’ নীতি। প্রতি বছর ৯ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিনটি শুধু আনুষ্ঠানিকতা নয় বরং দুর্নীতির ব্যাপকতা, বহুমাত্রিক ক্ষতি এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধকে শক্তিশালী করার আহ্বান। দুর্নীতি এমন এক মহামারী যা রাষ্ট্রের উন্নয়ন ব্যাহত করে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করে, সামাজিক বৈষম্য বাড়ায় এবং জনআস্থাকে চুর্ণবিচুর্ণ করে দেয়। উন্নয়নশীল দেশগুলোতে এর দুষ্টচক্র আরো গভীর। প্রশাসনিক দুর্বলতা, জবাবদিহির অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ এবং সামাজিক নৈতিকতার ক্ষয় একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় দুর্নীতি বিস্তারের জন্য। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য শুধু উদ্বেগ জানানোর মধ্যে সীমিত নয় এটি আত্মশুদ্ধি, প্রতিশ্রুতি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করার দিন। সেই বিবেচনায় দিবসটি পালনের নানামাত্রিক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।
