ফুলবাড়ীতে প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

 

মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


ফুলবাড়ী পশ্চিম থানা শাখা শিবিরের সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে দৌড়টি ধরলা সেতুর দক্ষিণ পাড় থেকে শুরু হয়ে ফুলবাড়ী কাচারী মাঠে শেষ হয়। প্রায় ৪ কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতায় শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক রংপুর মহানগর শিবির নেতা সোহেল রানা ও উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাস্টার বেলাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক মোঃ আব্দুল হালিম রানা এবং উপজেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
অংশগ্রহণকারীরা জানান, ফুলবাড়ীতে এই প্রথমবারের মতো ম্যারাথন দৌড়ে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে তরুণ প্রজন্ম আরও উৎসাহিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এবং স্বাস্থ্যচর্চায় উৎসাহিত করতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *