বিশেষ প্রতিনিধি:দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু ও সনাতনী সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষায় সরকারের হস্তক্ষেপ ও কার্যকর আইনি পদক্ষেপের আহ্বান জানিয়েছে মানবাধিকার কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম)।
এক বিবৃতিতে সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক অ্যাডভোকেট লাকী বাছার এই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “একই রাষ্ট্রের নাগরিক হিসেবে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমাদের পারস্পরিক সামাজিক মেলবন্ধন অত্যন্ত নিবিড়। প্রতিটি মানুষের শান্তিতে বসবাস করার মৌলিক অধিকার রয়েছে। অধিকার রক্ষা ও নিশ্চিত করতে একে অপরের সহযোগিতার কোনো বিকল্প নেই।
বিবৃতিতে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত নির্যাতন ও নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনাকে অত্যন্ত পরিতাপের বিষয় হিসেবে উল্লেখ করে লাকী বাছার জানান, এইচআরসিবিএম-এর টিম মাঠপর্যায়ে দেশের একাধিক জেলায় সরজমিনে পর্যবেক্ষণ করেছে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তা দেশবাসীর সামনে তুলে ধরেছে। পর্যবেক্ষণ কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রের সর্বস্তরে সাম্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, “দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার পাওয়ার যোগ্য। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে অনুসরণ করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।”
একটি সুন্দর, বৈষম্যহীন সমাজ গঠন এবং মুক্ত ও শান্তিপূর্ণ মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সকল পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
