বরিশাল প্রতিনিধি: আসছে আগামী ১৮, ১৯ ও ২০ জুলাই বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘বরিশাল চলচ্চিত্র উৎসব’। দেশের উদীয়মান চলচ্চিত্র সংগঠন ‘ইএসডিআই ফিল্ম সোসাইটি’ (ESDI FILM Society)-এর আয়োজনে এই উৎসবের যাত্রা শুরু হচ্ছে।
আজ ১৬ই জুন (মঙ্গলবার) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে উৎসব বাস্তবায়ন কমিটির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে মিলিত হলে, উৎসবের সফল বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
প্রথমবারের মতো বরিশালে এমন একটি চলচ্চিত্র উৎসবের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, “সুস্থ সংস্কৃতি ও চলচ্চিত্রের বিকাশ জেলা শহরগুলোতে অত্যন্ত জরুরি। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘বরিশাল চলচ্চিত্র উৎসব’ এর এই উদ্যোগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনে সব ধরনের প্রশাসনিক ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও এবং বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়ক সাজেদুর রহমান মুনিম।
সৌজন্য সাক্ষাৎ ও সভায় উৎসব বাস্তবায়ন কমিটির পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, ‘ইএসডিআই ফিল্ম সোসাইটি’র সভাপতি ও উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন ইমন। কমিটির পক্ষে আরও নেতৃত্ব দেন উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি ও বরিশাল জেলা জাসাসের আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগর।
ফলপ্রসূ এই সভায় উৎসবের কারিগরি ও নান্দনিক দিক, চলচ্চিত্র প্রদর্শনী, স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা সংযুক্তি এবং উৎসবের প্রচার-প্রসারসহ বহুমুখী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল ইসলাম সবুজ, ইএসডিআই ফিল্ম সোসাইটির সাংগঠনিক সম্পাদক ইমরান সাকিল, ‘উত্তরণ’ এর সভাপতি মাহাফুজ নুসরাত মোনা, বিশিষ্ট শিক্ষক নেতা ও ক্রীড়া সংগঠক নাসরিন আক্তার পিউরী, গুণী অভিনেতা হেলাল উদ্দিন, অভিনেতা নাছির উদ্দিন, আলোকচিত্র শিল্পী সিয়ামসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই উৎসবে দেশ-বিদেশের বৈচিত্র্যময় চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক বিশেষ সেমিনার ও গুণীজনদের আড্ডার আয়োজন থাকবে। বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে চলচ্চিত্র চর্চাকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়েই ESDI FILM Society এই ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে, যা স্থানীয় সাংস্কৃতিক মহলে এক নতুন মাত্রা যোগ করবে।
সুস্থ সংস্কৃতির বিকাশে জেলা শহরগুলোতে চলচ্চিত্র উৎসব অত্যন্ত জরুরি: বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
