স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন? দেশের ক্রীড়াঙ্গনে এই প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত। তবে হামজা-জামালদের কোচ নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। বাংলাদেশ দলের কোচ হতে এগিয়ে ছিলেন ক্রিস কোলম্যান। তবে কোচ নিয়োগে নিয়েছে নতুন মোড়।
ওয়েলসের সাবেক কোচ কোলম্যানের পারিশ্রমিক নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কোলম্যানের এজেন্ট। যার কারণে বাফুফের হাত ফসকে যেতে পারেন এই হাইপ্রোফাইল কোচ। এমনই ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (১৭ মে) জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন করতে এসে কোচ ইস্যুতে আমিনুল হক বলেন, ‘আমরা যাকে (কোলম্যান) নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্ততি নিয়েছি, তার বিষয়ে সার্বিকভাবে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, তা প্রদান করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমি বাফুফে থেকে জানলাম তার যে এজেন্ট রয়েছে, তার সঙ্গে এখনও বোঝাপড়া হয়নি।
বাফুফে দুই বছরের জন্য কোলম্যানকে কোচ নিয়োগ করতে চায়। এ জন্য কোলম্যানের এজেন্ট বড় অঙ্কের টাকা দাবি করেছে। যা ফুটবল ফেডারেশনের জন্য বড় কষ্টসাধ্য। এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখনও আমরা কোলম্যানের ব্যাপারে ইতিবাচক। এরপরও যদি কোনো কারণে কোলম্যান না হয়, তাহলে তালিকায় পরবর্তী যে আছে তাকে নিতে বলেছি।
