দৌলতদিয়া প্রতিনিধিঃ ফাল্গুন মাসের মাঝামাঝিতে পদ্মা নদীতে হঠাৎ কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল সাড়ে তিন ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে ঘন কুয়াশা নেমে আসলে নদী পাড়ি দিতে আসা যানবাহন আটকে পড়ে। এতে চালক ও যাত্রীদের মধ্যে দুর্ভোগ তৈরি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানিয়েছে, কুয়াশার কারণে নদীপথে যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিতের জন্য ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে সকল রো-রো, কে-টাইপ ও ইউটিলিটি ফেরি নোঙর করে রাখা হয়।
কুয়াশা কমতে শুরু করলে রোববার সকাল ৭টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আবদুস সালাম জানান, নদীতে আকস্মিকভাবে কুয়াশা পড়ায় দুর্ঘটনার ঝুঁকি থাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ফেরি চালু হওয়ার পর যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে।
