সবচেয়ে বেশি আয় করে এগিয়ে ‘দম’ ঈদে বক্স অফিসে

বিনোদন ডেস্কঃ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আয়ের দৌড়ে এগিয়ে আছে আফরান নিশো অভিনীত ‘দম’। মাল্টিপ্লেক্সে টানা দর্শক চাহিদায় নতুন রেকর্ডও গড়েছে ছবিটি।

মুক্তির পর থেকেই দেশের মাল্টিপ্লেক্সগুলোতে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘দম’। দর্শক চাহিদার কারণে একের পর এক শো হাউজফুল যাচ্ছে, যা ছবিটির বক্স অফিস সাফল্যে বড় ভূমিকা রাখছে।

বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস কালেকশনের মাইলফলক স্পর্শ করেছে ‘দম’।

মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ৩৪.০৭ লাখ টাকা এবং তৃতীয় দিনে তা বেড়ে হয় ৩৬.৫২ লাখ টাকা। চতুর্থ দিনেও আয়ের ধারা প্রায় একই থাকলেও পঞ্চম দিনে কিছুটা কমে ৩২.১৭ লাখ টাকায় নেমে আসে।

তবে আয়ের সামান্য ওঠানামা থাকলেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি এখনও উল্লেখযোগ্য। বিএমআর জানায়, পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট ৩৩টি শো প্রদর্শিত হয়, যার মধ্যে ১৯টি ছিল সম্পূর্ণ হাউজফুল এবং আরও ৪টি শো ছিল প্রায় পূর্ণ।

সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা।

রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমার মধ্যে শাকিব খানের ‘প্রিন্স’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ এবং বুবলী-তুষিদের ‘প্রেশার কুকার’ থাকলেও আয়ের হিসাবে এগিয়ে রয়েছে ‘দম’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *