শিক্ষার্থীদের নেতৃত্ব মনোভাব গড়ে তুলবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ

বিটিএন ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ এ ক্রীড়া আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সমান সুযোগ পাবে।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন। এটি শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যাতে সমান সুযোগ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

এর আগে, মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের প্রস্তুতি নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রচারণা ও প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নেবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছেলে ও মেয়ে উভয় বিভাগের জন্য পৃথক দল অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে জানানো হয়।

সভায় আরও জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং আনন্দময় শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

প্রতিযোগিতাকে ঘিরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। এসব বিভাগে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের লক্ষ্য। প্রধানমন্ত্রী সবসময় এমন একটি শিক্ষা ব্যবস্থার কথা বলেন, যেখানে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। সে লক্ষ্যেই শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে সারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *