উত্তরা-মতিঝিল পথে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পর বেড়েছে যাত্রীর চাপ। বিশেষ করে সকালে অফিস শুরুর আগে এবং বিকেলে অফিস ছুটির পর ট্রেনে তিলধারণের ঠাঁই থাকছে না। যাত্রী বাড়ায় দুই ট্রেন চলাচলের মধ্যবর্তী সময় (হেডওয়ে) কমানোর এবং বগি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র বলেছে, যাত্রী চাহিদা বিবেচনায় প্রতি ১০ মিনিটের বদলে ৭-৮ মিনিট পরপর ট্রেন চলাচলের এবং প্রতি ট্রেনে বগির সংখ্যা ছয় থেকে বাড়িয়ে আটটি করার চিন্তা চলছে। তবে এ জন্য অপারেটর লাগবে।
এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছিলেন, পিক আওয়ারে আটটি এবং অফ পিক আওয়ারে ছয়টি ট্রেন চলাচল করছে। একটি করে ট্রেন স্ট্যান্ডবাই থাকছে। পিক আওয়ারে ১০ মিনিট পরপর এবং অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন স্টেশনে আসবে। ট্রেন চলাচলের সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়কে অফ পিক আওয়ার ধরা হয়েছে।
দ্রুত সমস্যা সমাধানের জন্য বর্তমানে আরও ১০ ট্রিপ ট্রেন চালানো যায় কিনা, সেটি নিয়ে মন্ত্রণালয় থেকে ডিএমটিসিএলে চাপ দেওয়া হয়েছে। এতে আরও ট্রেন চালাতে ডিএমটিসিএল চেষ্টা করছে। বর্তমানে লোকবল যথেষ্ট না থাকায় নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এমআরটি লাইন-৬ এ নতুন ১০ ট্রিপ ট্রেন যুক্ত হবে।
দায়িত্বশীলরা জানিয়েছেন, যে ১০টি সময়ে ট্রেন চালানো হবে, তার একটি প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই পরিকল্পনায় যাত্রীরা সকাল ৬টার পর থেকেই ট্রেনে যাতায়াত শুরু করতে পারবেন। আর সর্বশেষ ট্রেনেও যাতায়াত যাবে রাত ১০টার পরে।
প্রতিদিন লাইনের নিরাপত্তা পরীক্ষা করতে সকাল ৬টা ও সাড়ে ৬টায় দুটি ‘সুইপিং ট্রেন’ চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় সুইপিং ট্রেনেই (সকাল সাড়ে ৬টা) প্রথম ট্রিপ শুরু হবে। এতে শুধুমাত্র এমআরটি পাস ও র্যাপিড পাসধারী যাত্রীরা উঠতে পারবেন। তবে ট্রেনটি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চলবে। এরপর উত্তরা থেকে সকাল ৭টায় দ্বিতীয় ট্রিপ ছাড়বে। মতিঝিল থেকে ছাড়তে পারে যথাক্রমে সকাল ৭টা ১০ ও ৭টা ২০ মিনিটে। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং মতিঝিল থেকে সকাল সাড়ে ৭টায়।
নতুন পরিকল্পনা অনুযায়ী, রাতে আরও ৬টি ট্রেন চলবে। এখন শেষ ট্রেন ছাড়ে উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। তবে নতুন সূচিতে উত্তরা থেকে রাত ৯টা ১০, ৯টা ২০ ও ৯টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে। মতিঝিল থেকে ছাড়তে পারে রাত ৯টা ৫০, ১০টা ও ১০টা ১০ মিনিটে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন ১৮ সেপ্টেম্বর সকালে বলেন, ‘এটি এখন স্টাডি করছি, স্টাডি চলছে। স্টাডি শেষ হলে বিস্তারিত বলা যাবে। আমরা চেষ্টা করছি।
মেট্রো ট্রেনের কোচ না বাড়িয়ে ট্রিপ বাড়ানোর বিষয়ে জানতে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. হাদিউজ্জামান ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বলেন, মেট্রোর পেছনে বিপুল অর্থ ব্যয় করা হলেও যাত্রীচাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ দেওয়া যাচ্ছে না। এখন কোচ বাড়ানোর ক্ষেত্রে নানা টেকনিক্যাল কারণ বা অজুহাত সামনে আনা দুঃখজনক। কারণ, মেট্রো যখন পরিকল্পনা ও যাচাই করা হয়েছিল, তখন থেকেই ৮টি কোচের হিসাব ধরে প্রকল্পটি করা হয়। এমনকি প্ল্যাটফর্মগুলোও সে অনুযায়ী নির্মাণ করা হয়েছে। আর প্ল্যাটফর্ম নির্মাণে সরকারের ব্যয়ও হয়েছে। তাই বর্তমান যে সমস্যার কথা বলা হচ্ছে, সেগুলো আগেই সমাধান করা উচিত ছিল। যাচাই–বাছাইয়ের মূল উদ্দেশ্যই থাকে প্রকল্পটি যেন ভবিষ্যতে কার্যকর থাকে এবং কোনো বড় ধরনের অসুবিধা তৈরি না হয়।
তিনি আরও বলেন, মেট্রোর ক্ষেত্রে বেশি ট্রিপ চালানোর চেয়ে কোচ সংখ্যা বাড়ানো জরুরি। কারণ, যখনই তিন–চারটি অতিরিক্ত ট্রেন চালানো হবে, তখনই বিদ্যুৎ বিল বেড়ে যাবে। মেট্রো আসলে একটি অত্যন্ত এনার্জি-হাঙরি পরিবহন ব্যবস্থা। হেডওয়ে এক মিনিট কমিয়ে দিলেই বিদ্যুৎ খরচ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন

