রায়হান ইসলাম, রাজশাহী : উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সমাবেশ। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরীর একটি রেস্টুরেন্টে সমাবেশে যোগ দেন রাজশাহী বিভাগের ৮ জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার সংগঠনের সদস্যরা। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকার বিষয়গুলো।
সমাবেশ শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিশেষ সম্মাননা পান ৩৬ জুলাই আহত মুক্তিযোদ্ধা সাংবাদিক সানোয়ার আরিফ, কালের কণ্ঠ-এর সাংবাদিক নাঈম হোসেন এবং সংবাদ চলমান-এর মতিউর রহমান।
সম্মাননা পান বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং সম্মেলন সফল করার বিশেষ অবদানের জন্য দপ্তর সম্পাদক সুরুজ আলী। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি পুরস্কারগুলো তুলে দেন।
সমাবেশের সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের সভাপতি নুরে ইসলাম মিলন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু। প্রধান বক্তা ছিলেন নীতি নির্ধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ–সভাপতি আবুল বাশার মজুমদার।
প্রধান অতিথি আলমগীর গনি বলেন, সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ। অথচ তাদের ওপর হামলা, মামলা ও হয়রানি বেড়েই চলেছে। তিনি বলেন, “সত্য বলা অপরাধ নয়, বরং সেই সত্য রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।” সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে জাতীয়ভাবে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
