রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু

রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শতাব্দী চাকমা (৫০) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শতাব্দী চাকমা নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং রাঙামাটি জেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা মৃত রবীচন্দ্র চাকমার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথিমধ্যে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশে একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গিয়ে অসাবধানবশতার কারণে বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে তিনি গুরুতর বৈদ্যুতিক শকের শিকার হন।

পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ( আরএমও) ডা. শওকত আকবর বলেন, দুর্ঘটনার শিকার শিক্ষিকাকে হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *