ব্যাংকের নতুন সময়সূচি কার্যকর রোববার থেকে

নিজস্ব প্রতিনিধিঃ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের সংশোধিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে জানানো হয়, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

নতুন নিয়ম অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও উপশাখাগুলো আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা বহাল থাকবে।

এর আগে, গত ২ এপ্রিল সরকার সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে। সেই অনুযায়ী রোববার থেকে সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *