বিএনপি মানুষের সেবা, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে: সাবেক এমপি শাহজাহান মিঞা

আহসান হাবীব, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
বিএনপি সবসময় মানুষের সেবা, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান মিঞা বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সেবা, উন্নয়ন ও ন্যায়বিচারের রাজনীতি করেছেন। তাদের সুযোগ্য পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন।

এসময় তিনি উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন, সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *