আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় শারীরিক অসুস্থতা, দারিদ্র্য ও পারিবারিক অশান্তির যন্ত্রণা সহ্য করতে না পেরে মোহাম্মদ নরশেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরশেদ আলী দীর্ঘদিন ধরে পেটের ব্যথা ও আলসারে ভুগছিলেন। অসহনীয় ব্যথা, অসচ্ছল জীবনযাপন এবং চিকিৎসার অভাবে ক্রমাগত ভেঙে পড়ছিলেন তিনি।
প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে থাকলেও তারা আলাদা থাকেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে রয়েছে দুই কন্যা সন্তান। পেশায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন নরশেদ আলী। কিন্তু সামান্য আয়ে পরিবার চালানো ও চিকিৎসা করানো ছিল দুঃসাধ্য।
এলাকাবাসীর ভাষ্য, পারিবারিকভাবে বিভিন্ন সময়ে মনোমালিন্য হতো। আত্মহত্যার আগের দিন স্ত্রীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়েও ঝগড়া হয়। তার এই সিদ্ধান্তের পেছনে শারীরিক যন্ত্রণা, দারিদ্র্য ও মানসিক অস্থিরতা বড় কারণ বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,
“আমরা একটি অভিযোগ পেয়েছি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
নরশেদ আলীর এই করুণ পরিণতি সমাজের অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের অবস্থাকে যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
