বরিশালে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

‎নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মে (শুক্রবার) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বরিশালের প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো: খায়রুল আলম সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন মিডিয়া কমিউনিকেশন-এর প্রধান নির্বাহী পরিচালক ও বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়কারী জনাব সাজেদুর রহমান মুনিম এবং এটিএন এডুকেশন-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিশিষ্ট নৃত্যশিল্পী রোকসানা আখতার রিনি।

‎আলোচনা পর্বে দুই মহান কবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন সরকারি বিএম কলেজ বরিশালের সাবেক অধ্যাপক প্রফেসর জাহিদ হোসেন। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাসাস-এর সভাপতি মীর আদনান উদ্দিন আহমেদ তুহিন এবং জেলা জাসাস-এর সভাপতি জনাব সাব্বির নেওয়াজ সাগর।

‎সভাপতির বক্তব্যে মো: খায়রুল আলম সুমন বলেন, “রবীন্দ্র-নজরুল আমাদের চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই জেলা প্রশাসন এই নিয়মিত উদ্যোগ গ্রহণ করেছে।”

‎আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে রবীন্দ্র ও নজরুল সংগীতের পাশাপাশি দুই কবির কালজয়ী কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। বরিশালের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন জাঁকজমকপূর্ণ এই আয়োজন উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *