প্রধান বিচারপতির অভিভাষণ ৩০ ডিসেম্বর বিচারকদের উদ্দেশে

বিটিএন ডেস্কঃ নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দেশের বিচার বিভাগে কর্মরত শীর্ষ বিচারকদের উদ্দেশে অভিভাষণ দিতে যাচ্ছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এ অভিভাষণ অনুষ্ঠিত হবে।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ রোববার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি স্মারক জারি করেছে। স্মারকে জানানো হয়, সুপ্রিম কোর্টের পরামর্শে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্মারকে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের পরামর্শে ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন প্রদান করা হলো।’

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৩ ডিসেম্বর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

রোববারই প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর শপথ পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *