চাঁদা দাবির মামলায় বিএনপির সদ্য সাবেক সেক্রেটারির জামিন না মঞ্জুর

ভোলা প্রতিনিধিঃ এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি, তার বসতঘরে তালা ও মারধরের মামলায় চরফ্যাশন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) সকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের।

এর আগে, চলতি বছরের গত মে মাসের ২১ তারিখে চরফ্যাশন উপজেলার পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. ছালাম বাদী হয়ে ৩ জনকে আসামি করে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- প্রধান আসামি মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও তার দুই ছেলে মো. আরাফাত হোসেন মালতিয়া, ফাহাদ হোসেন মালতিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী বহু বছর ধরে ওই এলাকায় পৈতৃক ভিটায় ঘর তুলে বসবাস করে আসছিলেন এবং তিনি এলাকায় গ্লাসের ব্যবসা করেন। কিন্তু হঠাৎ ক্ষমতার অপব্যবহার করে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বাদীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদার টাকা না দেওয়ায় আসামিরা বাদীর বসতঘরে তালা দেয় এবং বাদীকে মারধর করেন। পরবর্তীতে ভুক্তভোগী মো. ছালাম বাদী হয়ে গত ৭ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন এবং আজকে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মো. ছালাম বলেন, আদালতে আজকে আমি ন্যায় বিচার পেয়েছি, আসামি জামিন পাননি। আসামিরা আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আমার বসতঘরে তালা দিয়ে আমাকে মারধর করেছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাও নিতে দেননি, থানায় মামলা করতেও দেননি। পরে আমি আদালতে মামলা করেছি। আজকে জেলা জজ তার জামিন আবেদন না মঞ্জুর করেছেন।

ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো.নাসীর উদ্দিন বলেন, জজ আদালত থেকে আসামিকে আমাদের কাছে পাঠানো হয়েছে। আসামিকে কারাগারে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *