পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ঈদের ছুটিতে এটিএম বুথে

বিটিএন ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে লেনদেন নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ঈদের ছুটির সময় গ্রাহকরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে জন্য ব্যাংকগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে এবং বুথে পর্যাপ্ত অর্থের সরবরাহ বজায় রাখতে হবে। পাশাপাশি বুথে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পাহারাদারের উপস্থিতি রাখতে হবে।

পয়েন্ট অব সেল (পিওএস) সেবার ক্ষেত্রেও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে এবং জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সার্বক্ষণিক লেনদেন সেবা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি ঈদের ছুটির সময় যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে।

গ্রাহকদের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখা এবং ইলেকট্রনিক পেমেন্ট ব্যবহারে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানোরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এ বছর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *