স্পোর্টস ডেস্কঃ গত রোজার ঈদ থেকে ক্রিকেটারদের গিফট দেওয়ার রীতি চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে বিশেষ ঈদ উপহার পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। এমনকি এই ঈদ উপহার পাবেন ক্রিকেটারদের স্ত্রীরাও।
মূলত ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটাকে আরও উষ্ণ করে তোলার জন্যই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এই উদ্যোগ নিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরও অনেক উষ্ণ, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ এখন আরও ভালো।’
গতবার শুধু ক্রিকেটারদের স্ত্রীর জন্য গিফট পাঠিয়েছিল বিসিবি। ঈদ উপহার হিসেবে সালোয়ার–কামিজ পাঠিয়েছিল বিসিবি। ক্রিকেটারদের জন্য কিছুই ছিল না! তবে এই ঈদে গিফট প্যাক যাবে গত এক বছর কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন এমন ৩০ ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীদের নামে।
উপহার হিসেবে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের (জে ডট) দারুণ সব পাজামা–পাঞ্জাবির সেট। স্ত্রীদের জন্যও থাকবে একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ। বাদ যাবে না ক্রিকেটারদের সন্তানেরাও। তাদের জন্য বিসিবি পাঠাবে চকলেটের বক্স।A
