নিজের জন্য সঠিক মনে করছি না ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান গ্রহণ করাকে

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের পক্ষ থেকে দেওয়া গানম্যানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ব্যক্তিগত নিরাপত্তার পরিবর্তে দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সাদিক কায়েম তার পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে তাকে বিষয়টি অবহিত করা হলে তিনি সেই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডাকসু ভিপি বলেন, “ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে।”

সাদিক কায়েম আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকত না। কেন সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।

সাদিক কায়েম ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, তাদের হাতে ওসমান হাদীরা শহীদ হবেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসবে। এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে।

নিরাপত্তার প্রশ্নে ইনসাফ বা ন্যায়বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন। তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণই আমাদের দাবি।

সবশেষে ডাকসু ভিপি তার সংশয়ের কথা জানিয়ে বলেন, দেশের ছাত্র-জনতা এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে, তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে বর্তমানে আমি নিজের জন্য সঠিক মনে করছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *