দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ৫ ঘণ্টা বন্ধ থাকার পর

নিজস্ব প্রতিবেদকঃ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৪টা থেকে পদ্মা নদীর এই নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার কারণে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

সরেজমিনে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজটও স্বাভাবিক হতে শুরু করেছে, যা যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশা কমে আসায় এবং দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল সকাল ৯টা ৩৫ মিনিটে পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *