নিজস্ব প্রতিবেদক: ঢাকা রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটে জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘অন্যধারা’র ৪৪৭তম সাহিত্য আড্ডা। ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন ও প্রবীণ কবিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
আড্ডার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মো: রফিকুল ইসলাম, মহাসচিব, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সংস্কৃতির সংকটকালে অন্যধারার এই দীর্ঘ পথচলা এবং ৪৪৭তম আসর আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। সুস্থ ধারার সাহিত্য চর্চাই পারে সমাজকে আলোর পথ দেখাতে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শাহীন চৌধুরী। বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান আলোচক কবি তন্ময় হারিস। তিনি বর্তমান সময়ের কাব্যশৈলী ও সাহিত্যের সমসাময়িক গতিপ্রকৃতি নিয়ে আলোকপাত করেন।
এবারের আসরের বিশেষ আকর্ষণ বা আড্ডার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন কবি দেলোয়ারা ইয়াসমিন। তাঁর স্বরচিত কবিতা পাঠ এবং জীবনবোধের কথা শ্রোতাদের বিমোহিত করে।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কবি ইকবাল হোসেন। পুরো আয়োজনের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন কবি সৈয়দ রনো, যার কাব্যিক উপস্থাপনা আড্ডায় ভিন্ন মাত্রা যোগ করে।
