ডাকসু প্রতিনিধিদের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডাকসুর প্রতিনিধিদের পক্ষ থেকে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।

ডাকসু নেতারা জানান, সাক্ষাৎকালে তারেক রহমান বলেন, “মতের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত অটুট থাকতে হবে।” তিনি দেশের স্বার্থে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তারেক রহমান আরও বলেন, ‘আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিল। দেশ ছিল অত্যন্ত অস্থিতিশীল। নিশ্চয়ই আমি চাই না, আমার সন্তানরাও এমন একটি বাংলাদেশ ফেইস করুক।’

ডাকসুর পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করে নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম ও ত্যাগের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশপন্থী রাজনীতির ধারা অব্যাহত রেখে দেশের স্বার্থে সব ধরনের আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস এবং দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।

ডাকসুর নেতারা আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত সংগ্রাম অব্যাহত রাখা হবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন– ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *