আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সাবেক ভিপি, সাবেক এমপি, সুপ্রিম কোর্টের আইনজীবী, কারা নির্যাতিত বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া শুক্রবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার তমালতলা মোড় বাজারে এক পথসভায় অংশ নেন।
পথসভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহকারী সম্পাদক আবুল হাসনাত বাচ্চু। এতে স্থানীয় বিএনপি ও সাধার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেন, “২৫ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। প্রয়োজনে আরও দশ বছর অপেক্ষা করব, কিন্তু দেশের মানুষের জন্য প্রকৃত নির্বাচন নিশ্চিত করব।”
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার তড়িঘড়ি করে ডাকসু-জাকসু নির্বাচন আয়োজন করেছে এবং পরিকল্পিতভাবে পাতানো ফলাফল ঘোষণা করে জনগণকে বিভ্রান্ত করেছে। এতে সারা দেশের মানুষ হতবাক হয়েছে।
তিনি আরও বলেন, “জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে আমরা মন্ত্রীত্ব দিয়েছিলাম। কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের গাড়িতে কেন জাতীয় পতাকা উড়ানো হয়েছে— এ প্রশ্ন আজও রয়ে গেছে।”
এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
