জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে রাজনীতি করে: চাঁপাইনবাবগঞ্জে ছাত্র–যুব সমাবেশে নূরুল ইসলাম বুলবুল

 

আহসান হাবীব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, “জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে।” ভবিষ্যতে সুযোগ পেলে চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক ইপিজেড, মেডিকেল কলেজ হাসপাতাল, বিমানবন্দর এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি তরুণ সমাজকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে বর্ণনা করে বলেন, সৎ, আদর্শিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন যুব সমাজই নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ, নিরাপদ নগরী গঠন, তৃণমূলের অবকাঠামো উন্নয়ন এবং নারীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে জামায়াতে ইসলামী কাজ করবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের নেতৃত্ব জনগণের পাশে থেকে দিতে হয়। তিনি নূরুল ইসলাম বুলবুলকে “জীবন্ত শহীদ” উল্লেখ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তিন মাসের মধ্যেই সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নিরাপদ ও বৈষম্যহীন দেশের স্বার্থে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের ভিপিরাও সমাবেশে বক্তব্য দেন। তারা তরুণ সমাজকে ন্যায়–ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকর এবং পরিচালনা করেন সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *