আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় মোট পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ করা হয়।
এর মধ্যে ফতেপুর বিওপি’র টহল দল শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। অপরদিকে রঘুনাথপুর বিওপি’র টহল দল দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে আরও ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এছাড়া মাসুদপুর বিওপি’র টহল দল মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপি’র টহল দল সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু এবং বাখেরআলী বিওপি’র টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় এবং জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
