আহসান হাবীব, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে টিকা দান কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই টিকা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের টাইফোয়েডের এ টিকা প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজহার আলী জানান, “শিবগঞ্জ উপজেলায় মোট শিক্ষার্থী সংখ্যা এক লাখ ১৫ হাজার ৩৩৪ জন। এর মধ্যে ৬৩ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। ছেলে শিক্ষার্থী ২৭,৩৬৯ জন এবং মেয়ে শিক্ষার্থী ২৭,২৮১ জন রেজিস্ট্রেশন করেছেন। আমরা রেজিস্ট্রেশন করেছি, টিকা নিয়েছি—এবার তোমার পালা। নিজে নাও, অন্যকেও উদ্বুদ্ধ করো।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টাইফয়েড একটি পানিবাহিত সংক্রামক ব্যাধি যা অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষিত পানির মাধ্যমে ছড়ায়। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, সকলের অংশগ্রহণে “টাইফয়েড মুক্ত শিবগঞ্জ” গড়ে তোলা এখন সময়ের দাবি।
