ক্যাকটাসের ট্রেলারে ঝড়, অ্যালেন স্বপন কি ফিরছে?

বিনোদন ডেস্কঃ ঈদে বড় পর্দা ও টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নতুন স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’। শুক্রবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে, যা ঝড় তুলেছে দর্শকমহলে। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে প্রথমবারের মতো পুরোদস্তুর অ্যাকশন অবতারে হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান।

ট্রেলারটি শুরু হয় কারাগারের অন্ধকার বন্দি এক যুবকের দৃশ্য দিয়ে। এই যুবকের চরিত্রেই দেখা গেছে প্রীতম হাসানকে; যিনি একজন প্রোফেশনাল হ্যাকার। এই দক্ষ হ্যাকারকে রাষ্ট্রীয় এক গোপন সংকট মোকাবিলায় সরকার ময়দানে নামায়।

ট্রেলারে দেখা যায়, সমুদ্রপথে জাহাজে করে আসা একটি বিশেষ কনটেইনার আখাউড়ায় পৌঁছে দেওয়ার মিশন দেওয়া হয় প্রীতমকে। শর্ত থাকে, কনটেইনারের ভেতরে কী আছে তা কোনোভাবেই সে জানতে পারবে না। এরপর কৌতূহলী প্রীতম সেই কনটেইনার খুলে ফেলায় শুরু হয় বিপত্তি। এরপরই গল্পে আসে গতির ঝড়, শুরু হয় গোলাগুলি, হাতাহাতি আর অন্ধকার জগতের চোরাকারবারিদের হিসাব-নিকাশ।

তবে দর্শকের আকর্ষণ বাড়িয়েছে ট্রেলারে প্রীতমের এক সংলাপ। যেখানে তাকে এক নেতার উদ্দেশে বলতে শোনা যায়, চাঁদাবাজি, স্মাগলিং- এসব আন্ডারগ্রাউন্ডের কাজ যারা করে, তারা আপনাকে সবাই ২০ পারসেন্ট দিয়ে চলে।

ট্রেলারটিতে বড় চমক হিসেবে উঠে এসেছে চরকির আরেক জনপ্রিয় সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর যোগসূত্র। ভিডিওতে প্রীতমকে বলতে শোনা যায়, সে অ্যালেন স্বপনকে চেনে না। এর মাধ্যমে নির্মাতা শিহাব শাহীনের নিজস্ব একটি স্পাই ইউনিভার্স অর্থাৎ অ্যালেন স্বপন ইউনিভার্স তৈরির ইঙ্গিত স্পষ্ট হয়েছে। দর্শকদের মাঝে প্রশ্ন উঠেছে, তবে কি অ্যালেন স্বপন ফিরছে? যদিও অ্যালেন স্বপন খ্যাত অভিনেতা নাসিরুদ্দিন খানকে ট্রেলারের কোথাও দেখা যায়নি। এমনকি কাস্টিং লিস্টেও রাখা হয়নি তার নাম।

শুধু প্রীতম নয়, সিরিজে ‘অনুরা’ চরিত্রে অভিনয় করা মেহজাবীন চৌধুরীকে সম্পূর্ণ নতুন ও মারকাটারি রূপে দেখা গেছে। ট্রেলারে আগ্নেয়াস্ত্র হাতে তার মারকুটে অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। সব মিলিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনায় এই ট্রেলারটি। কেউ কেউ বলছেন, বিগত দিনগুলোতে প্রকাশ হওয়া ট্রেলারগুলোর চেয়ে এটা অনেকটা ভালো হয়েছে।

এদিকে সাসপেন্স রেখে চরকি প্রশ্ন রেখেছে- ক্যাকটাস কি শুধুই একজন হ্যাকার? নাকি গেম-চেঞ্জার?

সিরিজটির গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর ও রেজওয়ান কবির। এতে প্রীতম ও মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহাদাত হোসেন প্রমুখ।

আগামী ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে চরকিতে দর্শকরা এই স্পাই-থ্রিলার সিরিজটি উপভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *