কোনো পুরুষের দরকার নেই আমার: মালাইকা অরোরা

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় তারকা মালাইকা অরোরাকে ঘিরে প্রেম ও সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সেই আলোচনা যেন আরও তীব্র হয়েছে। তবে এসব নিয়ে খুব একটা ভাবিত নন এই অভিনেত্রী। বললেন, আমার কোনো পুরুষের দরকার নেই।

সাম্প্রতিক সময়ে হর্ষ মেহতা ও ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়ালেও মালাইকা সেগুলোকে দেখছেন একেবারেই হালকা মেজাজে। এমনকি ছেলে আরহান খানের সঙ্গে বসে এসব নিয়ে হাসাহাসিও করেন তিনি।

এনরিকের এক অনুষ্ঠানের পর হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরে বিদেশ সফর ও সৌরভ বেদীর সঙ্গে একটি নাচের ভিডিও সেই জল্পনাকে আরও উসকে দেয়।

তবে মালাইকার দৃষ্টিভঙ্গি স্পষ্ট—তিনি এখন নিজের জীবন, নিজের সুখ নিয়েই ব্যস্ত। সম্পর্কের বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই তার।

তার ভাষায়, “যদি কিছু হওয়ার থাকে, সেটা স্বাভাবিকভাবেই হবে। আমি এখন যা আছে, তা নিয়েই খুশি।”

দীর্ঘ দাম্পত্য জীবনের পর আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ মালাইকার জীবনে বড় পরিবর্তন এনে দেয়। কিন্তু সেই অভিজ্ঞতাকেই শক্তিতে রূপ দিয়েছেন তিনি।

মালাইকা মনে করেন, একজন নারী হিসেবে নিজের পরিপূর্ণতা নিজেকেই গড়ে নিতে হয়। তার কথায়, “আমাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের প্রয়োজন নেই।”

গুঞ্জন আর আলোচনার বাইরে গিয়ে—নিজেকে ভালো রাখা, নিজের মতো করে বাঁচাই এখন মালাইকা অরোরার সবচেয়ে বড় অগ্রাধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *