অনুমতি দিলো ইরান হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়ার জাহাজ চলাচলের জন্য অনুমোদন দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ জন্য তিনি ইরান সরকারকে ধন্যবাদও জানান।

তিনি বলেন, মালয়েশিয়ার তেলবাহী ট্যাংকার ও সংশ্লিষ্ট নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে কাজ চলছে। তবে কতটি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে বা কী শর্তে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশটিও প্রভাবিত হয়েছে। তবে রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসের সক্ষমতার কারণে পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্বের অন্যতম বড় এলএনজি সরবরাহকারী দেশ হলেও মালয়েশিয়া তাদের অপরিশোধিত তেলের প্রায় ৭০ শতাংশ উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। ফলে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

তিনি আরও বলেন, জ্বালানির পাশাপাশি খাদ্য সরবরাহেও এর প্রভাব পড়তে পারে এবং সার ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও অনেক দেশের তুলনায় মালয়েশিয়ার পরিস্থিতি কিছুটা ভালো, তবুও দেশটি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়।

এদিকে হরমুজ প্রণালীতে টোল আরোপের একটি প্রস্তাব বিবেচনা করছে ইরানের পার্লামেন্ট। নিরাপদ চলাচল নিশ্চিত করতে কিছু জাহাজের কাছ থেকে বড় অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *