কোনো ক্রিকেটারেরই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত নয়: পাইলট

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে। কয়েক সপ্তাহ ধরে থেমে থেমে চলা জল্পনা নতুন করে গতি পেয়েছে। জাতীয় দলে তার ফেরা হবে কিনা, হলে কবে, এই প্রশ্ন এখন ক্রিকেট অঙ্গন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত ছড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে সরব হয়েছেন দেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, তিনি সাকিবের বড় ভক্ত। তবে জাতীয় দলের ক্রিকেটারের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা উচিত নয় বলেও পরিষ্কার মত দিয়েছেন।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাসুদ পাইলট বলেন, ব্যক্তিগতভাবে তিনি সাকিবের বড় ভক্ত। তার ভাষায়, মানুষ মাত্রই ভুল করে। সাকিব হয়তো খেলা অবস্থায় কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন। হয়তো ছয় মাসের জন্য একটি ভুল করেছিলেন। কিন্তু জাতীয় দলে খেললে কোনো ক্রিকেটারেরই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত নয়। পাইলট বলেন, জাতীয় দলের ক্রিকেটার মানেই দেশের সব মানুষের আবেগের কেন্দ্র। যখন একজন খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলেন, তখন সব শ্রেণির মানুষের সমর্থন তার প্রতি থাকে। কিন্তু তিনি যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন, তখন সেই আবেগ ভাগ হয়ে যায়। বিভাজন তৈরি হয়।

সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার প্রসঙ্গেও সরাসরি কথা বলেন সাবেক এই অধিনায়ক। তিনি জানান, যতদূর জানেন, একটি হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে। তার মতে, দেশে অনেক সময় ভুয়া মামলা হয়। তিনি প্রশ্ন তোলেন, একজন রিকশাচালক ভদ্রলোককে বিদেশে অবস্থানরত সাকিবের মতো একজন তারকা খেলোয়াড় হত্যা করবেন, বিষয়টি তার কাছে গ্রহণযোগ্য মনে হয় না।

পাইলট মনে করেন, অভিযোগের বিষয়টি সরকারিভাবে পরিষ্কার হওয়া জরুরি। তার ভাষায়, সরকারের দায়িত্ব হওয়া উচিত এই মামলার সঠিক সমাধান করা। যে ব্যক্তি সাকিবের বিরুদ্ধে মামলা করেছেন, তিনি কোন ভিত্তিতে অভিযোগ করেছেন তা তদন্ত হওয়া দরকার। রাজনৈতিক মামলা আলাদা বিষয় হতে পারে। তবে সাকিবের নামে যে মামলা হয়েছে, সেটি ভুল হয়ে থাকতে পারে।

একজন জাতীয় তারকার বিরুদ্ধে সহজে মামলা হয়ে যাওয়ার বিষয়টিও তার কাছে প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, দেশের একজন সম্মানিত ও পরিচিত ব্যক্তির বিরুদ্ধে কেউ মামলা করে তাকে হয়রানি করলে সেটি অনুচিত। তার বক্তব্যে স্পষ্ট, তিনি চান দেশের সেরা অলরাউন্ডারদের একজন সম্মানের সঙ্গে ক্যারিয়ার শেষ করুন। তিনি দোয়া করেন, সাকিব যেন সসম্মানে বাংলাদেশের জার্সি পরে দেশ থেকেই অবসর নিতে পারেন। তার ভাষায়, তিনি বাংলাদেশের নাম্বার ওয়ান খেলোয়াড়। সবাই যেন তাকে সম্মানিত করতে পারে, এটাই তার প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *