নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ থেকে। ছুটির এই দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পটিতে জ্বালানি তেলের জন্য যানবাহনের সারি প্রায় এক কিলোমিটারের বেশি ছাড়িয়ে গেছে।
ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেলের জন্য অপেক্ষায় ছিল মোটরসাইকেল, প্রাইভেট কার, মিনি বাস ও পিকআপসহ বিভিন্ন যানবাহন। তবে অন্যান্য দিনের তুলনায় মোটরসাইকেলের সারি ছিল ছোট।
এখানে জ্বালানি তেলের জন্য অপেক্ষায় ছিলেন প্রাইভেট কারের চালক মো. জসিম। তিনি বলেন, অন্য দিন আরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হতো। আজকে তুলনামূলক কম সময় অপেক্ষা করতে হচ্ছে।
তবে আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে আজ সকাল থেকে জ্বালানি তেল দেওয়া হলেও ১০টার কিছু আগে তা বন্ধ করে দেওয়া হয়। সেখানে তখন তেল নেওয়া অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি ছিল। এরপর সাড়ে ১০টা নাগাদ সেখানে শতাধিক গাড়ির সারি দেখা যায়।
তালুকদার ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. আজম বলেন, তেল শেষ হয়ে গেছে। তাই আপাতত তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তেল এলে আবারও দেওয়া হবে।
কখন থেকে আবার জ্বালানি তেল দেবেন—জানতে চাইলে মো. আজম বলেন, অন্তত বেলা ২টা বাজবে।
