আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল

অর্থনীতি ডেস্কঃ দেশে আগের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে খাদ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবের সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে গত ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে।

এ কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল—এই ছয় মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

খাদ্য মন্ত্রণালয় জানায়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি দূর করা এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির উন্নয়নের লক্ষ্যে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর কাছে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

এ ছাড়া সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্য মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন চাল, ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন গম এবং ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন ধান (ধানকে চালে রূপান্তর করে হিসাব করা হয়েছে)।

খাদ্য মন্ত্রণালয়ের দাবি, দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ খাদ্য মজুত। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি কমানো এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *